টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা
ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। এছাড়া ছয় মাসের মধ্যে তাদের ডেটা প্রসেসিং কার্যক্রম ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে চীনে ডেটা স্থানান্তর বন্ধ করতে বলা হয়েছে।
অবশ্য এটাই প্রথম নয়; ২০২৩ সালে শিশুদের ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ইউরোপীয় নিয়ম লঙ্ঘনের জন্য টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ডিপিসি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর খবরে প্রকাশ, টিকটকের বিরুদ্ধে বিপুল তথ্য ফাঁসের অভিযোগ এনেছে তদন্ত পরিচালনাকারী আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি)। সংস্থাটির কর্মকর্তা গ্রাহাম ডয়েল বলেছেন, ‘ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা চীনের কর্মীরা ব্যবহার করলেও, টিকটক সেই ডেটার সুরক্ষা ইইউ-এর সমতুল্য করতে পারেনি, যা প্রমাণে তারা ব্যর্থ হয়েছে। ’
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে টিকটক কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেছে, ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটার জন্য তারা কখনোই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।
টিকটক ইউরোপের ক্রিস্টিন গ্রান বলেছেন, টিকটক তাদের ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা কখনও সরবরাহ করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব আমরা।
টিকটক মূলত চীনা টেক জায়ান্ট বাইটড্যান্সের একটি বিভাগ। তবে এর ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত। এই সোশ্যাল প্ল্যাটফর্মের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে আইরিশ কর্তৃপক্ষ।







