২০২৫ সালের মধ্যে ৩০ লাখ চাকরি : ১টি উদ্ভাবনী উদ্যোগে বিলিয়ন ডালার আয় : পলক
দেশের তারুণ্য শক্তিকে সম্পদে পরিণত করতে হলে শিক্ষাব্যব্যস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করার আহ্বান জানিয়েছেন শিক্ষিতরা। এক্ষেত্রে শুধু অংক, ইংরেজি বা বিজ্ঞান শিক্ষাই যথেষ্ট নয়। চতুর্থ বিপ্লবের উপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তি বা কগনেটিভ সফট স্কিল শিখতে হবে।
বৃহস্পতিবার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগে" আয়োজিত ফিউচার নেশন জব উৎসব ২০২২" এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
ডিআইটি’র ১৯ হাজার শিক্ষার্থীর জন্য দেড় শতাধিক কোম্পানি চাকরির অফার নিয়ে অংশ নিয়েছে তিনি দিনের এই উৎসবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমি বিশ্বাস করি ফিউচার নেশনের টার্গেট অনুযায়ী ডিআইটি’র জব উৎসবে তিন হাজার শিক্ষার্থীর চাকরি নিশ্চিত করা সম্ভব হবে। আশাকরি, কেবল ঢাকায় নয় দেশজুড়ে এই উৎসবের মাধ্যমে ১০ লাখ চাকরির সুযোগ তৈরি হবে। এজন্য আমি আয়োজকদের জেলা শহরেও জাতীয় বিশ্বিবিদ্যালয়ের অধীন ২২০০ কলেজের শিক্ষার্থীদের জন্য এই ধরনের জব ফেয়ার করার আহ্বান জানাই। পাশাপাশি অনুরোধ করবো তারা যেনো সেখানে শিক্ষার্থীদের চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালা করান। এজন্য আমাদের আইসিটি বিভাগের অধীনে ইনহ্যান্সিং ডিজিটাল গভঃ অ্যান্ড ইকোনোমিক এজ প্রকল্প রয়েছে। যেখান থেকে আমরা বিশ্বব্যাংকের সহায়তায় আইসিটি খাতে ২০ হাজার চাকরি দিতে চাই। আমরা আশা করছি, যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে ১০ লাখ জব রিপ্লেসমেন্ট টার্গেট পূরণ করতে সক্ষম হবো। কেননা, এরই মধ্যে আমাদের আমরা ২০২৫ সালের মধ্যে ৩০ লাখ মানুষের চাকরি সৃষ্টির একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ ধরনের জব ফেয়ার করার জন্য আমরা আইসিটি বিভাগের শেখ রাসেল আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ দেবো। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এআর, ভিআর সমৃদ্ধ ৩০০ স্কুল অব ফিউচারের অবকাঠামো ও সরঞ্জাম তারা ব্যবহার করতে পারবেন।
২০৪১ সাল নাগাদ দেশকে একটি জ্ঞান নির্ভর উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় এআই, রোবটিকস, মাইক্রোচিপ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।
পলক বলেন, আমার অনুরোধ থাকবে স্মার্ট ইউনিভার্সিটি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই চারটি কোর্স এর অনুমোদন নিয়ে দক্ষ জনশক্তি ও নেতৃত্ব দিতে কাজ শুরু করবে। এই চারটি ক্ষেত্রে যদি ভিএলএসআই বা প্রয়োজনীয় ল্যাব সাপোর্ট লাগে তবে দ্রুততার সঙ্গে আমরা আইইসিটি ডিভিশন থেকে তা করবো। সেখানে ১ কোটি বা ৫ কোটি টাকা লাগুক সেটা কোনো ব্যাপার না। কেননা, আমরা বিশ্বাস করি, একটি ইনোভেটিভ সল্যুশন একটি দেশের জন্য বিলিয়ন ডলার অপারচুনিটি সৃষ্টি করতে পারে। আমাদের বিশ্বাস, তারা এই কাজ করতে পারবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েনের, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।
এছাড়াও স্বাগত বক্তব্যে রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার।
জব উৎসবে প্রায় দেড় শতাধিক চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীন ফোন, বাংলালিংক, ব্যাক ব্যাংক, বিকাশ, প্রাণ গ্রুপ, লা মারিডিয়ান, আইসিডিডিআর বি, বেসিস, ইউএস বাংলা গ্রুপ, ক্রিয়েটিভ আইটি, রক্সি পেইন্ট, ডাটা সফট, মেট্রোসিম, আকিজ গ্রুপ, টেনমিনিট স্কুল উল্লেখযোগ্য।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়ায় শুরু হওয়া এই উৎসব শেষ হবে শনিবার।