‘প্লাস’ সাবস্ক্রিপশনের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ

‘প্লাস’ সাবস্ক্রিপশনের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ
২১ এপ্রিল, ২০২৬ ১৮:২৩  
২১ এপ্রিল, ২০২৬ ১২:০৬  

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে বেশ কিছু বাড়তি ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। মূলত টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতেই মেটা এই নতুন উদ্যোগ নিয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’র এক প্রতিবেদন অনুযায়ী, মেটা বর্তমানে এই পেইড সংস্করণটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ সংস্করণে মূলত অ্যাপের বাহ্যিক সৌন্দর্য বা কসমেটিক পরিবর্তনের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকরা বিশেষ ইফেক্টযুক্ত প্রিমিয়াম স্টিকার ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া অ্যাপের থিম এবং আইকন নিজের পছন্দমতো পরিবর্তন করা যাবে।

নান্দনিক পরিবর্তনের পাশাপাশি কিছু কার্যকর সুবিধাও থাকছে এই সংস্করণে। সাধারণ ব্যবহারকারীরা সীমিত সংখ্যক চ্যাট পিন করার সুবিধা পেলেও ‘প্লাস’ ব্যবহারকারীরা ২০টি পর্যন্ত চ্যাট পিন করে রাখতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট কন্টাক্টের জন্য আলাদা রিংটোন সেট করা এবং চ্যাট লিস্ট কাস্টমাইজ করার সুবিধাও যুক্ত করা হচ্ছে।

তবে মেটা স্পষ্ট করেছে যে, হোয়াটসঅ্যাপের মৌলিক সেবাগুলো আগের মতোই সবার জন্য বিনামূল্যে থাকবে। মেসেজ পাঠানো, ভয়েস বা ভিডিও কল এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো সুবিধা পেতে কোনো টাকা খরচ করতে হবে না। 

প্লাস সংস্করণের দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে এটি মাসিক ১ থেকে ৩ ডলারের (প্রায় ১২০ থেকে ৩৫০ টাকা) মধ্যে হতে পারে। এর আগে ইনস্টাগ্রামেও একই ধরনের ‘প্লাস’ সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা চালিয়েছে মেটা।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট