সার্ভার সমস্যায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা
ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও নিমিষেই শেষ হয়ে গেছে উত্তরবঙ্গসহ চাহিদা বেশি থাকা রুটের সব টিকেট। শনিবারও প্রচণ্ড চাপ ছিল টিকিট কাটার। যদিও গতকালের মতো ১ মিনিটের মধ্যে সব টিকিট বুকড হয়ে যায়নি। তবে তাতে লাভ হয়নি। টিকিটপ্রত্যাশীরা পড়েছেন নতুন ভোগান্তিতে।
শনিবার সকাল আটটার সময় অনলাইনে টিকেট বিক্রি শুরু হবার পরপরই রেলসেবা অ্যাপ ও রেলের পোর্টালে এক আসনের বিপরীতে ৪৭ জন টিকেট কাটার চেষ্টা করেছেন। ১৮ এপ্রিলের ২৮ হাজার টিকেটের জন্য একসঙ্গে লগইন করেছেন সাড়ে ১৩ লাখ টিকেট প্রত্যাশী।
সার্ভার জটিলতায় অনেকে 'রেলসেবা' অ্যাপে ঢুকতে পারেননি। অনেকে আবার অ্যাপে ঢুকতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থাকছে, পরবর্তী ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ হয়নি অনেকের।
উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে সময় নেয় দুই ঘণ্টা। ঢাকা থেকে রাজশাহীতে চলা চার আন্তনগর ট্রেন- পদ্মা, সিল্কসিটি, ধুমকেতু ও বনলতা এক্সপ্রেসের টিকিটও শেষ হয়ে সাড়ে ৯টার দিকে।
বেলা ১২ টা পর্যন্ত প্রায় ২০ হাজার টিকেট বিক্রি হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, একসাথে অনেক মানুষ চেষ্টা করায় সার্ভারে কিছুটা জটিলতা হচ্ছে, সবাই ক্লিক করার সাথেই সাথেই টিকেট পাচ্ছেন না। ফলে অনেকবার চেষ্টা করতে হচ্ছে। তবে ধীরে ধীরে হিট কমতে থাকায় এই জটিলতা কাটতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
'বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন' নামক দেড় লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে নিজেদের নানা ভোগান্তি তুলে ধরেছেন যাত্রীরা।
এমডি জাভেদ নামে একজন লিখেছেন, গত দুই ঘণ্টা ধরে সার্ভারের এই অবস্থা লগইন করা যাচ্ছে না, কিন্তু টিকিট সেল হয়ে যাচ্ছে।
বখতিয়ার রহমান নামে অপর একজন লিখেছেন, কোনোভাবেই সার্ভারে ঢোকা গেল না। চাহিদা থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে স্পেশাল ট্রেন না দেওয়ার সমালোচনাও করছেন অনেকে।
মাসুদ রানা নামে এক যাত্রী লিখেছেন, কি আশ্চর্য বিষয় সিলেটে টিকিট নেওয়ার মতো মানুষ নাই। অথচ আমাদের উত্তরবঙ্গে ৮ টার পরপরই টিকিট খুঁজে পাওয়া যায় না। তাহলে সিলেটে এত ট্রেন দেওয়ার মানে কি! ঈদ উপলক্ষেও তো রংপুর বিভাগের জন্য ২টা ট্রেন বেশি দিতে পারত!
কাজী শামীম হাসান নামে একজন ফেসবুকে এক পোস্টের কমেন্টে লিখেছেন, ‘সকাল আটটার আগে থেকেই শোভন চেয়ার ছাড়া বাকি ক্লাসগুলোর সিট আগে থেকেই বুকিং করা ছিল। স্নিগ্ধা এবং এসি শ্রেণির সিট অনলাইনে শো করে নাই। সিল্কসিটিসহ একাধিক ট্রেনের ক্ষেত্রে এটা ঘটেছে। এইখানে কারসাজি হয়েছে।’
টিকিট বিক্রির দ্বিতীয় দিনে যাত্রীদের এ ভোগান্তির বিষয়ে জানতে চেয়ে সহজ জেভির নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তথ্য বলছে, উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে সময় নেয় দুই ঘণ্টা।
ঢাকা থেকে রাজশাহীতে চলে চারটি আন্তনগর ট্রেন- পদ্মা, সিল্কসিটি, ধুমকেতু ও বনলতা এক্সপ্রেসের টিকিটও শেষ হয়ে সাড়ে ৯টার দিকে।
যশোর ও খুলনাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে যশোরের মাত্র ৫ সিট খালি থাকলেও খুলনার প্রায় ২০০ সিট খালি রয়েছে। অন্যদিকে বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেসে খালি রয়েছে ২৪টি সিট।
সিলেট রুটের কালনী, পারাবত, জয়ন্তিকা, উপবন এক্সপ্রেসের টিকেট এখনও পাওয়া যাচ্ছে।
একইসঙ্গে চট্টগ্রাম রুটের চট্টলা, সুবর্ণা, সোনার বাংলা এক্সপ্রেসের টিকেটও পাওয়া যাচ্ছে।
তবে ময়মনসিংহ, জামালপুর রুটের চলাচলকারী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিটের চাহিদাও ছিল অনেক। তবে এ রুটের যাত্রীদের টিকিট কাটতে ভোগান্তি পোহাতে হয়নি।
সকাল ১০টা ৫০ মিনিটের সময় এ রুটের ৩ হাজার টিকিটের মাঝে মাত্র ১৫টি অবিক্রীত ছিল।
অন্যদিকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটের মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের দেড় হাজার টিকেট বিক্রি হয়ে গেছে। চাহিদা থাকলেও এ রুটে যাত্রীদের টিকিট কাটতে ভোগান্তির কথা শোনা যায়নি। সকাল ১০টা ৫০ মিনিটের সময় এ রুটের অবিক্রীত টিকেট ছিল ১৯টি।







