শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলো বিজ্ঞান জাদুঘর

৩০ ডিসেম্বর, ২০২১ ১৭:২৬  
গত ২০১৯-২০২০ ইং এর মত এবারও (২০২০-২০২১) ইং সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন এবং অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে পুরস্কৃত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এরপরদিনই ৩২ বছরের কর্মজীবনের ইতি টেনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অবসরে গেছেন সংস্থাটির লাইব্রেরিয়ান কাম ডক্যুমেন্টশন অফিসার মোঃ কামরুল ইসলাম। এদিন বিকেলে তাকে বিদায় সংবর্ধনায় সবাইকে সততার সঙ্গে কাজ করে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন এবং শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রতি আহ্বান জানিয়েছেন তীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এর আগের দিন বুধবার (২৯ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান  মন্ত্রনালয়ের সভাকক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর হাতে প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা (ক্রেস্ট ও সনদপত্র) প্রদান করেন। প্রসঙ্গত,  করোনাকালীন সংকটেও বিজ্ঞান জাদুঘরের আয়োজনে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে ১৬ শতাধিক বিজ্ঞান বক্তৃতা, সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ভার্চুয়াল ভিজিটের মাধ্যমে ২৮ লাখের বেশী দর্শক জাদুঘরের কর্মসূচীতে অংশগ্রহণ করে। এর বাইরে দেশব্যাপী ফোর-ডি মুভি ও মিউজিয়াম বাসের ব্যাপক প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞান শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া হয়। এসব কর্মসূচীর মাধ্যমে করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত করা হয়। পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন, গ্যালারীর পরিবেশ উন্নয়নসহ ব্যাপক আধুনিকায়নের মাধ্যমে বিজ্ঞান জাদুঘরকে এখন অনন্য আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০২০ ইং অর্থ বছরেও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অনন্য সাধারণ দক্ষতার জন্য মন্ত্রণালয়ের এপিএ পুরস্কার লাভ করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ সততা, নিষ্ঠা, এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে যেকোন প্রতিষ্ঠান তাঁর অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারে।”