প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক করোনায় আক্রান্ত!

১৫ নভেম্বর, ২০২০ ১৬:৩৩  
বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবার নিজেই জানালেন যে তিনি হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। তবে উপসর্গ মাঝারি ধরনের। বিবিসির রোববারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইলন মাস্ক নিজেই এক টুইট বার্তায় লিখেছেন, ‘করোনা পরীক্ষা করে ভিন্ন ভিন্ন ল্যাবে ভিন্ন ফল পেয়েছি। তবে আমার সংক্রমণ মাঝারি মাত্রার বলে ধারণা করছি। আমার উপসর্গ হচ্ছে হালকা ঠান্ডা লাগা। এটা আশ্চর্যের কিছু নয়। কারণ করোনা একধরনের ঠান্ডা লাগার সমস্যা।’ ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ও বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ৪৯ বছর বয়সী ইলন মাস্ক টুইটারে এক মন্তব্যকারীর প্রশ্নের জবাবে লিখেছেন, ‘একটু কম-বেশি। গতানুগতিক ঠাণ্ডার মতোই মনে হচ্ছে আমার। কিন্তু হাঁচি/কাশির তুলনায় শরীরে আরও বেশি ব্যথা রয়েছে এবং মাথা বেশি ভার।’ চারবার করোনা পরীক্ষা করার পর দুইবারের পরীক্ষায় নেগেটিভ এবং দুইবারের পরীক্ষায় পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন তিনি।