এ সপ্তাহেই টাকা ফেরেত পেতে যাচ্ছেন আরও তিন ই-কমার্সের গ্রাহক

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫৬  
টাকা দিয়েও পণ্য পাননি এমন গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেয়ার তালিকায় যুক্ত হচ্ছে আরো নতুন তিনটি ই-কমার্স প্রতিষ্ঠান। এগুলো হলো বাংলাদেশ ডিল, থলে ও আনন্দ বাজার। চলতি বছরের শেষ দিকে এই প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ছাড় করে এই অর্থ ফেরত দেয়া হবে। এ জন্য গ্রাহকদের ধৈর্য ধরে অপেক্ষা করার সঙ্গে যারা গা ঢাকা দিয়েছেন তাদের তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচ এম সফিকুজ্জামান। এর আগে কিউকম, আলেশা মার্ট ও দালাল প্লাসের আটকে থাকা টাকা ফেরত দেয়ার পক্রিয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর বুম বুম ও আলাদিনের প্রদীপ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে অর্থ ফেরত দেওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেও এর কর্তৃপক্ষরা হঠাৎ করেই গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। এই কাজের জন্য মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ সাঈদ আলী এবং ই-ক্যাব জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেছেন, ই-কমার্স খাতের সুদিন ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। আর উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তাদের মার্চ পর্যন্ত ছাড় দেয়া হবে। পেমেন্টে গেটওয়েতে আটকে থাকার পর অন্য বকেয়াগুলোও গ্রাহকদের ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা অব্যহত থাকবে। এদিকে ই-কমার্সের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ ডিলের প্রতিষ্ঠাতা ফিদা মাহমুদ আশফাক বলেছেন, বিষয়টি নিয়ে রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ডিল ও পেমেন্ট গেটওয়ে আমার পে এর সাথে মিটিং হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে একটি রিফান্ড লিস্ট পাবলিশ করা হবে এবং ধাপে ধাপে পরবর্তী লিস্ট পাবলিশ করা হবে৷ বাংলাদেশ ডিল ও আমার পে কর্তৃক রিফান্ড লিস্ট সংক্রান্ত তথ্য বানিজ্য মন্ত্রনালয়ে পাঠানোর পর বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক সকল রিফান্ড সম্পাদন করা হবে৷ সকলেই রিফান্ড পাবেন, কেউ কিছুটা আগে কেউ পরে, যেহেতু কয়েকটি প্রতিষ্ঠান মিলে কাজটি করছে তাই ব্যাপারটি সময় সাপেক্ষ৷ জানাগেছে, নগদের কাছেও বাংলাদেশ ডিলের টাকা আটকে আছে। একইভাবে এসএসএল এবং নগদের কাছে থলে ডটকম এবং এসএসএল ও ইউসিবিএল এর পেমেন্ট গেটওয়েতে আনন্দবাজারের কিছু টাকা আটকে আছে।