গেম ইন্ডাস্ট্রির জন্য হুমকি হয়ে উঠছে জেনারেটিভ এআই : জরিপ
ভিডিও গেম শিল্পে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অসন্তোষ আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। গেম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি) প্রকাশিত ২০২৬ সালের স্টেট অব দ্য গেম ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ডেভেলপারদের অর্ধেকের বেশি মনে করেন, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা গেম শিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। খবর গেমস্পট।
এই জরিপে বিশ্বজুড়ে ২ হাজার ৩০০ জন গেম ডেভেলপার অংশ নেন। তাঁদের মধ্যে ৩৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা কোনো না কোনোভাবে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন। তবে এই ব্যবহার মূলত গবেষণা ও ধারণা তৈরির পর্যায়ে সীমাবদ্ধ, এবং সাধারণ ডেভেলপারদের তুলনায় ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরাই এটি বেশি ব্যবহার করছেন। বহিরাগত টুল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে চ্যাটজিপিটি।
জরিপে ৫২ শতাংশ ডেভেলপার বলেছেন, এই প্রযুক্তি গেম শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে। গত বছর এই হার ছিল মাত্র ৩০ শতাংশ। ইতিবাচক প্রভাবের কথা বলেছেন মাত্র ৭ শতাংশ। এক ডেভেলপার তো মন্তব্য করেছেন, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার চেয়ে তিনি শিল্প ছেড়ে দেওয়াকেই শ্রেয় মনে করবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটির ব্যবহার বাড়লেও খেলোয়াড়দের সামনে সরাসরি যে কনটেন্ট আসে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে আপত্তি ক্রমেই তীব্র হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







