চুয়েটে আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন, সেমিনার ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর পুরকৌশল বিভাগের উদ্যোগে ইনস্টিটিউশনাল অব সিভিল ইঞ্জিনিয়ারস (আইসিই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে একাডেমিক ভবন ১ এর সেমিনার কক্ষে এই চ্যাপ্টারের কার্যক্রম উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। একই দিন সকালে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত ১৪২তম সিন্ডিকেট সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়েছে।
বিকেল আইসিই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন ও আইসিই রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ড. আ ফ ম সাইফুল আমিন, বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর প্রেসিডেন্ট প্রকৌশলী নাশিদ ইসলাম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর জেনারেল সেক্রেটারি ড. প্রকৌশলী খন্দকার শাকিল আহমেদ।
পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি'র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২২ ব্যাচের অনিন্দ্য সরকার অংকন ও ফাহিম নুজহাত জাহিন।
এর আগে “কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইন ইঞ্জিনিয়ারিং এডুকেশন থ্রু অ্যাক্রিডিটেশন” শীর্ষক সভায় চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে আমাদের প্রয়োজন আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম। এছাড়া বিষয়ভিত্তিক বৈচিত্র্য, আন্তঃবিষয়ক সমন্বয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিকে শিক্ষার সাথে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, অ্যাক্রিডিটেশন শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নয় বরং এটি হল গুণগত নিশ্চিয়তা, ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার একটি শক্তিশালি উপায়। অ্যাক্রিডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিমাপ করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন উন্নয়নের পথে অগ্রসর হতে পারবো।
সকাল ১১টায় চুয়েট ভিসি’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী, অবসরপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং চুয়েটের মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মিজ আলিফ রুদাবা।
সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সিন্ডিকেটের নতুন সদস্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
ডিবিটেক/এআইএম/ ইকে







