ঘরোয়া উৎসবে বিটিআরসি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধূলা আর সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিন্ন আবহে ঘরোয়ো আয়োজনে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩১ জানুয়ারি, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের তৃতীয় তলার উন্মুক্ত ছাদ বাগানে সকাল ১০টায় কেক কাটা হয়। ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু বকর ছিদ্দিককে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।
এসময় কমিশনার মাহমুদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, আবদুর রহমান সরদার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের মহাপরিচালক মোঃ মেহেদী-উল-সহিদ, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক সাজেদা পারভীন এবং কমিশন সচিব মোহাম্মদ রুহুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
দিনব্যাপী নানা আয়োজনে এই উৎসবে যুক্ত হন সংস্থার সাড়ে তিনশ কর্মকর্তা-কর্মচারী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নারী ও পুরুষ বিভগে বিভিন্ন ইন্ডোর খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের পিলোপাস, বল নিক্ষেপ ছাড়াও অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। অপরদিকে পুরুষদের জন্য অনুষ্ঠিত হয় টেবিলটেনিস ও ক্যারাম টুর্নামেন্ট।
টেবিলটেনিসে সিনিয়র সহকারি পরিচালক ইশতিয়াক আহমেদ চ্যাম্পিয়ন এবং উপ-পরিচালক ড. শামসুজ্জোহা রানার্স আপ হয়েছেন। আর ক্যারাম টুর্নামেন্ট দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন উপসহকারী পরিচালক জোনায়েত হোসেন ও সৌমিক হাসান এবং রানার্স আপ হয়েছেন সিনিয়র সহকারী পরিচালক আব্দুল হামিদ ও প্রকৌশলী মাহমুদুর রহমান।
বিকেলে কমিশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে র্যাফেল ড্র-তে বিজয়ী ৫০ জনকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হয় ছুটির দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
ডিবিটেক/আইএস/এমইউএম



