৪ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ

৪ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০০:১৬  
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:০৭  

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে ‘প্রকৌশলী’ লেখায় নিষেধাজ্ঞাসহ তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিএসসি ইঞ্জিনিয়াররা। কর্মসূচির অংশ হিসেবে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন। 
ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচিকে আরো বেগবান করতে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। 

প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা জানান, দীর্ঘদিন ধরেই তাদের এ আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি আরও জোরদার করা হবে। সমাবেশটি হবে বিকেলে ঐতিহাসিক লালদীঘি ময়দানে।  

এর আগে ১ সেপ্টেম্বর শহীদ আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত হয় রংপুর বিভাগীয় সমাবেশ। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষাবৃন্দের (বিএইউএসটি) ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। এই দলটি আন্দোলনকে সামনে রেখে সৃষ্ট সাইবার বুলিং নিয়ে পুলিশ কমিশনারের দৃষ্টিগোচর করে।  

এদিকে আন্দোলনের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনভর ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।  মধ্যরাতে ডিপ্লোমা কোটা এবং ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন সাস্ট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিনিধিরা।  

গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রাস্তার আন্দোলন থেকে সরে এসে তারা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন করছে। দীর্ঘদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। এসব কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শন, ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। মেধা এবং যোগ্যতাকে যেন প্রাধান্য দেয়া হয়, কোনো কোটা ব্যবস্থা যেন না থাকে, সেই দাবি তোলেন তারা।