সোশ্যাল হ্যান্ডেল ট্রেন্ডে জুলাই সনদ
সারজিস লিখলেন ‘গাদ্দারি করলো বিএনপি’; সালাহউদ্দিন বললেন ‘অক্ষরে পালন করবে বিএনপি’
মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট এনসিপির
নতুন সরকারের শপথ ঘিরে ‘জুলাই সনদ’ নিয়ে সরগরম হয়ে উঠেছে অনলাইন সোশ্যাল হ্যান্ডেল। শপথ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয়ায় ফেসবুকে লাল ব্যানারে ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম স্ট্যাটাসে লিখেছেন-‘জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো’।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার ১১টা ৩৯ মিনিটে এই স্ট্যাটাস দিলে মুহূর্তে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও ভাইরাল হয়ে যায়। এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শেষে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়- জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে সরকারিভাবে কোনো প্লট নেবেন না।
তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিজের ভেরিভাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পোস্টে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাইয়ের আকাঙ্খা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণ। সেইসাথে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির শৃঙ্খলা বিভাগের প্রধান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও ‘সংসদ সদস্য’ দুই পদেই শপথ গ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা। একই সাথে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না।
এদিকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার পরিচালনায় বাংলাদেশ জামায়েত ও এনসিপি’র নব নির্বাচিতরা সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন। সবাইকেই শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথাগত আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে একটি সাধারণ টিশার্ট ও জিন্স পরে উপস্থিত হয়ে শপথ বাক্কো পাঠ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অপরদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
আর সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সেসময় সালাহউদ্দিন সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকেকে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।’
এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।’
বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। এ কারণে ওই ধরনের কোনো প্রক্রিয়াও হয়নি। আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এখানে এসেছি। আগামীতেও রাষ্ট্র পরিচালনা হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে।
ডিবিটেক/এসএইচ/ইকে







