কণ্ঠ অনুকরণের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

কণ্ঠ অনুকরণের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৭  

আমেরিকার জাতীয় পাবলিক রেডিওর (এনপিআর) খ্যাতনামা অনুষ্ঠান ‘মর্নিং এডিশন’-এর সাবেক উপস্থাপক ডেভিড গ্রিন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘নোটবুকএলএম’-এ ব্যবহৃত একটি পুরুষ কণ্ঠস্বর তার নিজের কণ্ঠের অনুকরণে তৈরি করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।

ডেভিড গ্রিন বর্তমানে কেসিআরডব্লিউয়ের অনুষ্ঠান ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টার’ সঞ্চালনা করেন। তিনি অভিযোগ করেন, তার বন্ধু, পরিবারের সদস্য ও সহকর্মীরা ইমেইল করে তাকে জানান যে, নোটবুকএলএম-এর পডকাস্টের কণ্ঠস্বর তার নিজের মতো শোনাচ্ছে। পরে তিনি নিজে শুনে নিশ্চিত হন যে, ওই এআই কণ্ঠের সুর, ভঙ্গি এবং এমনকি ‘আহ্’-এর মতো ফিলার শব্দ ব্যবহারের ধরনও তার অনুরূপ।

গ্রিন বলেন, “আমার কণ্ঠস্বর আমার অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।” তার আইনজীবী এ বিষয়ে আদালতের ওপর আস্থা রাখার কথা বলেছেন এবং সাধারণ মানুষকে নিজেরাই দুটি কণ্ঠস্বর শুনে তুলনা করার আহ্বান জানান।

তবে গুগল এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে দেওয়া বিবৃতিতে বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। নোটবুকএলএম-এর অডিও ওভারভিউয়ে ব্যবহৃত পুরুষ কণ্ঠস্বর গুগলের নেওয়া একজন পেশাদার অভিনেতার। ডেভিড গ্রিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই”।

উল্লেখ্য, এর আগেও গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই-এর চ্যাটজিপিটির একটি কণ্ঠস্বর নিয়ে বিতর্ক দেখা দেয়। হলিউড অভিনেত্রী স্কার্লেট জোহানসন অভিযোগ করেন, ওই কণ্ঠস্বর তার অনুকরণে তৈরি। পরে ওপেনএআই কণ্ঠস্বরটি সরিয়ে নেয়। 

ডেভিড গ্রিনের এই মামলায় আবারও এআই প্রযুক্তি ও ব্যক্তির স্বত্বাধিকার নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হলো।

ডিবিটেক/বিএমটি