এআইয়ের সহায়তায় ৬০ ভাষায় শোনা যাবে পোপের ভাষণ

এআইয়ের সহায়তায় ৬০ ভাষায় শোনা যাবে পোপের ভাষণ
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৫০  
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৪  

প্রযুক্তির ছোঁয়া লেগেছে ভ্যাটিকান সিটিতেও। এখন থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ধর্মীয় উপাসনায় অংশ নিতে পারবেন সারা বিশ্বের মানুষ, ভাষা হবে না কোনো বাধা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এক লাইভ অনুবাদ সেবা চালু করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। খবর এনগ্যাজেট।

‘লারা’ নামের একটি এআই টুলের মাধ্যমে ৬০টি ভাষায় সরাসরি ভাষান্তর শোনা যাবে। স্প্যানিশ ভাষাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রান্সলেটেড-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।

সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান পুরোহিত কার্ডিনাল মাউরো গামবেটি এক বিবৃতিতে বলেন, “শতাব্দীর পর শতাব্দ ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকা সব দেশের ও সব ভাষার তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত। উপাসনার বাণী বোঝার জন্য অগ্রসর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা ক্যাথলিক চার্চের সেই ইউনিভার্সিলিটি (বিশ্বজনীনতা) বজায় রাখতে চাই।”

ভ্যাটিকানে আগত দর্শনার্থীরা একটি কিউআর কোড স্ক্যান করে মোবাইলে এই সেবা নিতে পারবেন। কোনো অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই; ওয়েবসাইটের মাধ্যমেই অডিও ও টেক্সট আকারে সরাসরি ভাষান্তর পাওয়া যাবে।

ট্রান্সলেটেড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এআই টুল ‘লারা’ পাঁচ লাখেরও বেশি পেশাদার ভাষান্তরকের দক্ষতা কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, যা নির্ভুল ও স্বচ্ছন্দ অনুবাদ নিশ্চিত করবে।

উল্লেখ্য, প্রযুক্তির এই ব্যবহার নিয়ে ইতিমধ্যেই নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে ধর্মীয় অনুষ্ঠানে আধুনিকতার ছোঁয়া হিসেবে দেখছেন, আবার অনেকে প্রার্থনার মতো পবিত্র বিষয়ে প্রযুক্তির অতিরিক্ত প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডিবিটেক/বিএমটি