এআই পণ্যে ধোঁয়াশা, বিপাকে মেটার বিনিয়োগকারীরা

এআই পণ্যে ধোঁয়াশা, বিপাকে মেটার বিনিয়োগকারীরা
৩ নভেম্বর, ২০২৫ ১৩:৩০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশাল বিনিয়োগের মধ্যেও মেটা এখন পণ্যের অভাবে বাজারে অস্থির সময় পার করছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে দুটি বড় ডেটা সেন্টার নির্মাণ করছে এবং আগামী তিন বছরে অবকাঠামো খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা জানিয়েছে। তবে এই বিপুল ব্যয় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। খবর টেকক্রাঞ্চ।

সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, মেটার পরিচালন ব্যয় এক বছরে ৭ বিলিয়ন ডলার বেড়েছে, আর মূলধন ব্যয় প্রায় ২০ বিলিয়ন ডলার। মূলত এআই খাতে প্রতিভা ও অবকাঠামো উন্নয়নে এই ব্যয় হয়েছে, কিন্তু এখনো তা থেকে কোনো দৃশ্যমান আয় আসেনি।

প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বিশ্লেষকদের বলেন, “আমরা এখন কম্পিউটিং শক্তি বাড়াতে চাই, যাতে নতুন এআই মডেল তৈরি করা যায় এবং ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হয়।” কিন্তু এই বক্তব্য বাজারকে আশ্বস্ত করতে পারেনি। ফলস্বরূপ, মেটার শেয়ারের দাম দুই দিনে ১২ শতাংশ কমে গিয়ে ২০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে।

বিশ্লেষকদের মতে, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির এআই বিনিয়োগে যেখানে সুস্পষ্ট রাজস্ব প্রবাহ আছে, সেখানে মেটার এখনো কার্যকর পণ্য অনুপস্থিত। মেটা এআই ও ভাইবস ভিডিও জেনারেটর থাকলেও সেগুলোকে টেকসই ব্যবসায়িক মডেল বলা যাচ্ছে না।

জাকারবার্গ জানান, তাদের সুপারইন্টেলিজেন্স ল্যাব নতুন প্রজন্মের মডেল তৈরি করছে, যার ফল “আগামী মাসগুলোতে দেখা যাবে।” তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে — মেটাকে এখনই প্রমাণ করতে হবে, তাদের এআই বিনিয়োগ সত্যিই লাভজনক হতে পারে কি না।

ডিবিটেক/বিএমটি