যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার শীর্ষ এআই চিপ বিক্রি নিষিদ্ধ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার শীর্ষ এআই চিপ বিক্রি নিষিদ্ধ করতে চান ট্রাম্প
৩ নভেম্বর, ২০২৫ ১০:১৯  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা এনভিডিয়ার ব্ল্যাকওয়েল সুপারচিপ শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য সংরক্ষিত থাকবে। চীনসহ অন্য কোনো দেশ এই উন্নতমানের চিপ পাবে না।

রবিবার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল চিপ যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কারও হাতে দেওয়া হবে না। আমরা অন্যদের এই চিপ দেব না।” তিনি আরও ইঙ্গিত দেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও কঠোরভাবে এআই চিপ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করবে।

গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসন নতুন এআই নীতিমালা প্রকাশ করেছিল, যাতে মিত্র দেশগুলোর কাছে প্রযুক্তি রপ্তানি সহজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন অবস্থান থেকে ট্রাম্পের বক্তব্যে নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

সম্প্রতি এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২ লাখ ৬০ হাজারেরও বেশি ব্ল্যাকওয়েল এআই চিপ সরবরাহ করবে। তবে ট্রাম্প জানিয়েছেন, চীনা কোম্পানিগুলোর কাছে এই শীর্ষ সংস্করণ বিক্রি করা হবে না—তবে তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বিক্রির সম্ভাবনা খোলা রাখছেন তিনি।

ওয়াশিংটনের চীন-বিষয়ক কঠোরপন্থীরা এই সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের মতে, ব্ল্যাকওয়েল প্রযুক্তি চীনের সামরিক ও এআই সক্ষমতা বিপজ্জনকভাবে বাড়িয়ে দিতে পারে।

ডিবিটেক/বিএমটি