পেন্টাগনের গোপন ড্রোন চ্যালেঞ্জে স্পেসএক্স
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন এক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স ও এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অঙ্গপ্রতিষ্ঠান এক্সএআই। কণ্ঠের নির্দেশে পরিচালিত হবে—এমন স্বয়ংক্রিয় ড্রোন ঝাঁক (ড্রোন সোয়ার্ম) প্রযুক্তি তৈরি করতেই এই উদ্যোগ । খবর রয়টার্স।
ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে পেন্টাগন ১০ কোটি ডলারের এই চ্যালেঞ্জ ঘোষণা করে। সেখানে অংশ নেওয়ার জন্য নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে মাস্কের সংস্থাগুলো রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ।
ছয় মাসব্যাপী এই প্রতিযোগিতায় কণ্ঠের আদেশ ডিজিটাল নির্দেশনায় রূপান্তর করে একাধিক ড্রোন পরিচালনা করতে সক্ষম প্রযুক্তি তৈরি করতে হবে। পেন্টাগনের ডিফেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ) ও ডিফেন্স অটোনমাস ওয়ারফেয়ার গ্রুপ (ডিএডব্লিউজি) যৌথভাবে এই চ্যালেঞ্জ পরিচালনা করছে ।
মাস্কের সংস্থাগুলোর এই অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস গবেষকদের একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন মাস্ক। ওই চিঠিতে ‘আক্রমণাত্মক স্বায়ত্তশাসিত অস্ত্রের’ ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার পক্ষে মত দেওয়া হয়েছিল। সেখানে মানুষ হত্যার নতুন হাতিয়ার তৈরির বিরুদ্ধেও সতর্ক করা হয় ।
তবে সম্প্রতি মাস্ক স্পেসএক্সের সঙ্গেই এক্সএআই-কে একীভূত করেছেন। চলতি বছর স্পেসএক্সের পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে এই একীভূতকরণ সম্পন্ন হয় । এক্সএআই-এর ওয়েবসাইটে সম্প্রতি ‘সিক্রেট’ বা ‘টপ সিক্রেট’ স্তরের নিরাপত্তা ছাড়পত্রধারী প্রকৌশলী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা প্রকল্পে তাদের সম্পৃক্ততার ।
প্রতিযোগিতাটি পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে—সফটওয়্যার উন্নয়ন থেকে শুরু করে বাস্তব পরীক্ষা পর্যন্ত। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ড্রোনগুলো আক্রমণাত্মক অভিযানে ব্যবহৃত হবে এবং মানব-মেশিন মিথস্ক্রিয়া এই সিস্টেমের কার্যকারিতা বা লেথালিটি (প্রাণঘাতিতা) বাড়াবে বলে আশা করা হচ্ছে ।
উল্লেখ্য, গত বছর ওপেনএআই, গুগল, অ্যানথ্রপিক ও এক্সএআই পেন্টাগনের সঙ্গে ২০ কোটি ডলার মূল্যের চুক্তি পায়, যার লক্ষ্য ছিল পেন্টাগনে উন্নত এআই সক্ষমতা বৃদ্ধি করা । তবে এবার সরাসরি অস্ত্র প্রযুক্তি তৈরিতে নামার মাধ্যমে মাস্কের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন এল বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি







