ইন্টেলকে বিভক্তির পরিকল্পনায় ব্রডকম ও টিএসএমসি!
ব্রডকম ও তাইওয়ানের টিএসএমসি ইন্টেলকে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রডকম ইন্টেলের চিপ ডিজাইন ও বিপণন ব্যবসা কিনতে আগ্রহী এবং সম্ভাব্য অংশীদার খুঁজলে তারা দরপত্রে অংশ নিতে পারে। অন্যদিকে, টিএসএমসি ইন্টেলের চিপ কারখানাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যা বিনিয়োগকারী কনসোর্টিয়ামের মাধ্যমে হতে পারে।
তবে দুই কোম্পানি একসঙ্গে কাজ করছে না বলে জানা গেছে এবং আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ইন্টেলের অন্তর্বর্তীকালীন নির্বাহী চেয়ারম্যান ফ্রাঙ্ক ইয়ারি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রশাসন ইন্টেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কারণ কোম্পানিটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইন্টেলের মার্কিন কারখানাগুলো বিদেশি সংস্থার হাতে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। যদিও তারা বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও ইন্টেলের কারখানা সরাসরি বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যাওয়ার সম্ভাবনা কম।
ইন্টেল সম্প্রতি মার্কিন সরকারের ৭.৮৬ বিলিয়ন ডলারের ভর্তুকি পেয়েছে। তবে কোম্পানিটি বড় ধরনের আর্থিক চাপে রয়েছে এবং গত বছর প্রায় ১৫% কর্মী ছাঁটাই করেছে।
ডিবিটেক/বিএমটি







