বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক ইউটিউব
সাময়িক গোলযোগ কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কার্যক্রম। সেবা বিঘ্ন ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী ইউটিউব ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। খবর রয়টার্স।
ইউটিউব কর্তৃপক্ষ জানায়, তাদের সুপারিশ (রেকমেন্ডেশন) সিস্টেমের একটি ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন মাধ্যমে ভিডিও প্রদর্শনে সমস্যা দেখা দেয়।
পরে এক বিবৃতিতে তারা জানায়, সুপারিশ সিস্টেমের সমস্যার সমাধান করা হয়েছে এবং ইউটিউবের সব প্ল্যাটফর্ম—ইউটিউব ডট কম, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক, কিডস অ্যান্ড টিভি—আবার স্বাভাবিক হয়ে গেছে।
ডাউনডিটেক্টরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে গোলযোগের সময় সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছিলেন। এছাড়া ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোতেও এই গোলযোগ দেখা দেয়।
তবে ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। তাই প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এর চেয়ে ভিন্ন হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি







