মেটার কাছে কয়েক মিলিয়ন চিপ বিক্রি করবে এনভিডিয়া

মেটার কাছে কয়েক মিলিয়ন চিপ বিক্রি করবে এনভিডিয়া
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:২৬  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার সঙ্গে একটি বহু বছরের চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় মেটাকে কয়েক মিলিয়ন এআই চিপ সরবরাহ করা হবে। খবর রয়টার্স।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনভিডিয়া এই চুক্তির কথা ঘোষণা করে। প্রতিষ্ঠানটি জানায়, এই চুক্তির আওতায় বর্তমান ব্ল্যাকওয়েল এবং আসন্ন রুবিন এআই চিপসহ গ্রেস ও ভেরা সেন্ট্রাল প্রসেসর (সিপিইউ) সরবরাহ করা হবে। যদিও চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে, এর মূল্য ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এনভিডিয়ার এই পদক্ষেপকে শুধু গ্রাফিক্স প্রসেসর (জিপিইউ) নয়, বরং ডাটা সেন্টারের জন্য তৈরি সিপিইউ-এর বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এআই এজেন্ট চালানো এবং ডাটাবেস পরিচালনার মতো কাজে ব্যবহারের জন্যই মূলত এই চিপগুলো সরবরাহ করা হবে।

এনভিডিয়ার হাইপারস্কেল ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের জেনারেল ম্যানেজার ইয়ান বাক জানান, গ্রেস সিপিইউ সাধারণ কাজ যেমন ডাটাবেস পরিচালনায় অর্ধেক শক্তি ব্যবহার করতে সক্ষম এবং আগামী প্রজন্মের ভেরা সিপিইউ থেকে আরও বেশি কার্যকারিতা আশা করা যাচ্ছে। তিনি আরও জানান, মেটা ইতিমধ্যেই ভেরা প্ল্যাটফর্ম পরীক্ষা করেছে এবং ফলাফল খুবই আশাব্যঞ্জক।

মেটা নিজস্ব এআই চিপ তৈরির কাজ করছে এবং গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহারের জন্যও আলোচনা চলছে বলে জানা গেছে । তবে এনভিডিয়ার সঙ্গে এই বিশাল চুক্তি মেটার এআই পরিকাঠামোয় এনভিডিয়ার চিপের গুরুত্বই আবারও প্রমাণ করল।

এনভিডিয়া কখনোই মেটার কাছে তাদের সরাসরি বিক্রির পরিমাণ প্রকাশ করেনি। তবে ধারণা করা হয়, গত অর্থবছরের শেষ প্রান্তিকে এনভিডিয়ার মোট আয়ের ৬১ শতাংশই এসেছে মাত্র চারটি গ্রাহকের কাছ থেকে, যার মধ্যে মেটা অন্যতম।

ডিবিটেক/বিএমটি