ফের উত্তপ্ত সোশ্যাল হ্যান্ডেল

‘আয় আয় আয় হাদির লাশ নিয়ে যা’ ভিডিও ভাইরাল

‘আয় আয় আয় হাদির লাশ নিয়ে যা’ ভিডিও ভাইরাল
৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১১  

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকার। এতে দাবি করা হয়েছে, বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করা হয়নি, গুলিবিদ্ধও হয়নি কেউ। 

তবে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে পুলিশের দলের ভেতর থেকে একজনের কণ্ঠে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘আয় আয় আয় হাদির লাশ নিয়ে যা’ ভিডিও ক্লিপটি। ক্লিপটি নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে হাদীপ্রেমীদের মধ্যে। ভিডিওটি এআই দিয়ে নির্মিত নয় বলে নিশ্চিত করেছে হাইভ এআই ডিটেক্টর। 

এ নিয়ে তাৎক্ষণিক ‘খুনির বিচার করতে হবে ইন্টেরিমের ছা’ কবিতা লিখে ফের আলোচনায় এলেন কবি জিয়া হক। এর আগে তার লেখা ‘হাদিরা জিন্দাবাদ’ গানটি ৩০০ কোটির বেশি ভিউ হয়েছে। 

এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি ইনকিলাব মঞ্চের। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে তারা। রাতে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ ও সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে ওসমান হাদি হত্যার বিচার ও অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

আন্দোলনের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অন্য এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

ডিবিটেক/এসএম/ইকে