গুগলের নোটবুকএলএম এখন থেকে জেমিনি নোটবুক
গুগলের গভীর গবেষণামূলক এআই টুল ‘নোটবুকএলএম’ এর নাম পরিবর্তন করে গুগলের মূল এআই ব্র্যান্ডের সাথে মিল রেখে নতুন নাম দেওয়া হয়েছে ‘জেমিনি নোটবুক’। গত ১৬ জুলাই থেকে এই নতুন নামকরণ কার্যকর হলেও আপাতত এটি গুগলের অন্যান্য জেমিনি প্রোডাক্ট থেকে একটি স্বাধীন বা আলাদা সেবা হিসেবেই কাজ করবে।
নাম পরিবর্তনের পাশাপাশি সার্চ জায়ান্ট গুগল এই টুলের ব্যাকএন্ডে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে; যার মধ্যে অন্যতম হলো টুলটির ভেতরেই সরাসরি কোড লেখা এবং তা রান বা এক্সিকিউট করার সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা তাদের নিজস্ব গবেষণার জন্য সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে সহজেই জটিল সব ডেটা অ্যানালাইসিসের কাজ নোটবুকের ভেতরেই সেরে ফেলতে পারবেন।
পাশাপাশি গুগল জানিয়েছে যে, তারা খুব শীঘ্রই এই সিস্টেমের ভেতরে তৈরি করা নোটবুকগুলোকে গুগলের সাধারণ সার্চ ইঞ্জিনের ‘এআই মোড’-এ নিয়ে আসার সুবিধা যুক্ত করবে।
গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘জেমিনি নোটবুক’ বিশ্বজুড়ে ৩ কোটিরও (৩০ মিলিয়ন) বেশি স্বতন্ত্র ব্যবহারকারী এবং ৬ লাখেরও বেশি প্রতিষ্ঠান ব্যবহার করছে।
উল্লেখ্য, গুগলের এই রিব্র্যান্ডিংয়ের সিদ্ধান্তটি প্রযুক্তি মহলের জন্য খুব একটা আশ্চর্যজনক ছিল না, কারণ চলতি বছরের এপ্রিল মাসেই গুগল এই রিসার্চ টুলটিকে তাদের মূল জেমিনি অ্যাপের সাথে সম্পূর্ণভাবে যুক্ত বা ইন্টিগ্রেট করার ঘোষণা দিয়েছিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





