র্যানসমওয়্যার হামলার শিকার কোকা-কোলার ‘ফেয়ারলাইফ’, উৎপাদন বন্ধ
মার্কিন বহুজাতিক পানীয় জায়ান্ট কোকা-কোলা জানিয়েছে, তাদের অন্যতম প্রধান ডেয়ারি সহযোগী প্রতিষ্ঠান ‘ফেয়ারলাইফ’ একটি বড় ধরণের সাইবার ও র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এই হামলার কারণে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত কম্পিউটার সিস্টেমগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ফেয়ারলাইফের সমস্ত কারখানায় উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেওয়া একটি জরুরি ফাইলিংয়ে কোকা-কোলা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, একটি অননুমোদিত তৃতীয় পক্ষ ফেয়ারলাইফের প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার কিছু অংশে অ্যাক্সেস পেয়ে ডেটা লক বা এনক্রিপ্ট করে দেয়। তবে যুক্তরাষ্ট্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলেও কানাডায় ফেয়ারলাইফের ব্যবসায়িক কার্যক্রম এই হামলার আওতামুক্ত রয়েছে এবং সেখানে উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।
প্রোডাক্টের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে কোকা-কোলা আশ্বস্ত করে জানিয়েছে, এই সাইবার হামলার কারণে বাজারে থাকা বা কারখানায় থাকা দুধ ও প্রোটিন শেকের গুণগত মানে কোনো প্রভাব পড়েনি। হামলার বিষয়টি শনাক্ত করার পরপরই কোম্পানি তাদের বিশেষ ইনসিডেন্ট রেসপন্স এবং বিজনেস কন্টিনিউটি প্রোটোকল সক্রিয় করেছে এবং তদন্তের জন্য বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দল নিয়োগের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি অবহিত করেছে।
খাদ্য ও পানীয় খাতের বড় বড় ব্র্যান্ডের ওপর এই ধরণের র্যানসমওয়্যার হামলা নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালে অ্যারিজোনা বেভারেজেস এবং গত বছর খাদ্য পরিবেশক জায়ান্ট ইউএনএফআই একই ধরণের হ্যাকিংয়ের শিকার হয়েছিল, যার ফলে কয়েক সপ্তাহ ধরে উৎপাদন ব্যাহত হওয়া এবং খুচরা বাজারের তাক খালি থাকার মতো দীর্ঘস্থায়ী সংকট তৈরি হয়েছিল।
২০২০ সালে পুরোপুরি অধিগ্রহণের পর থেকে প্রোটিন সমৃদ্ধ আল্ট্রা-ফিল্টার্ড মিল্ক এবং কোর পাওয়ার প্রোটিন শেকের জন্য পরিচিত ফেয়ারলাইফ কোকা-কোলার অন্যতম লাভজনক ব্র্যান্ডে পরিণত হয়েছে, যার বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
তবে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট হ্যাকার গ্রুপ জড়িত কি না বা কোনো মুক্তিপণ দাবি করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কোকা-কোলা। এমনকি ফেয়ারলাইফের উৎপাদন ব্যবস্থা ঠিক কবে নাগাদ আবার পুরোপুরি সচল করা সম্ভব হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





