৮ দফা ইশতেহারে ‘চান্দাবাজ’ ওয়েব সাইটের কথা জানালেন নাসীরুদ্দীন পাটোয়ারী
চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে একটি ভার্চুয়াল নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। চান্দাবাজ নামের এই প্লাটফর্মে অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।
৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে ৮ দফার ইশতেহার প্রকাশ করে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, chandabaaj.com এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব। গণপরিবহণ ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং ২৪/৭ হেল্পলাইন চালু করব। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব।
এছাড়াও পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেস, সেখানে ই-লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেটসহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে।
আট দফা ইশতেহারে ঢাকা-০৮ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও শিক্ষানবিসদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেটপ্লেসভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি ও নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে।
ডিবিটেক/বিডিএল/এসএম



