বদলে যাচ্ছে গুগল ফটোস ও ম্যাপসের আইকন

বদলে যাচ্ছে গুগল ফটোস ও ম্যাপসের আইকন
৩ নভেম্বর, ২০২৫ ১৯:৫১  

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের পণ্যের পরিচিতি নতুনভাবে সাজাতে গুগল আনছে ফটোস ও ম্যাপসের জন্য নতুন গ্রেডিয়েন্ট ডিজাইন আইকন। এর মাধ্যমে গুগল তাদের আইকনগুলোতে একীভূত রঙ ও নকশার ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। খবর ৯টু৫গুগল।

মে মাসে গুগল সার্চ অ্যাপের আইকনে চারটি একরঙা অংশ বাদ দিয়ে গ্রেডিয়েন্ট ডিজাইন আনা হয়, এরপর একই ধাঁচে পরিবর্তন আসে জেমিনি লোগোতেও। সেপ্টেম্বরে গুগল জানায়, “গুগলের ঐতিহ্যবাহী চার রঙ অক্ষুণ্ণ রেখে উজ্জ্বল টোন ও গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, যা এআই-নির্ভর উদ্ভাবন ও সৃজনশীল শক্তির প্রতীক।”

নতুন ডিজাইনে গুগল ম্যাপসের আইকন আগের মতোই পিন আকারে থাকলেও এখন আরও চিকন ও আধুনিক, এবং অভ্যন্তরের বৃত্ত বড় করা হয়েছে। আগের তির্যক নীল বিভাজন সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গুগল ফটোস আইকনে আগের ঘূর্ণায়মান নকশা বজায় থাকলেও গ্রেডিয়েন্ট প্রভাব ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ছে, যা ছোট আকারে আরও পরিস্কার দেখাবে।

নতুন আইকনের আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে গুগল জানিয়েছে, এআই-চালিত ফিচার যেমন জেমিনি-পাওয়ার্ড আস্ক ফটোজ, রেমিক্স, ভিও জেনারেশন ও কথোপকথনভিত্তিক এডিটিং—এসবের সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই এগুলো প্রকাশ করা হবে।

ডিবিটেক/বিএমটি