মহামারি করোনাভাইরাস ২০২০ সালের অনেক বড় বড় ইভেন্ট বাতিল হয়েছে। এর ভেতর বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, এমনকি ক্রিকেট ওয়ার্ল্ডকাপও আছে। আছে ফুটবলের কিছু মেগা ইভেন্টও। মোবাইল বা ইলেকট্রনিক্স শোগুলোও পিছিয়েছে। যেগুলো অনলাইনে করা সম্ভব সেগুলো অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রযুক্তির মেগা ইভেন্ট কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২১ ভার্চুয়ালে অনুষ্ঠিত হচ্ছে।
১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই ইভেন্টে ভার্চুয়ালি সর্বাধুনিক প্রযুক্তির ভবিষ্যতের প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। এবারের সিইএস প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি, ডিজিটাল স্বাস্থ্য, স্মার্ট শহর, যানবাহন প্রযুক্তি এবং সবশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।’ সিইএস ২০২১ এ আশা এক ঝাঁক নতুন প্রযুক্তি পণ্য সর্ম্পকে তুলে ধরা হলো।
এলজির ‘রোলএবল’ স্মার্টফোন
মেগা ইভেন্টে নতুন রোলএবল স্মার্টফোন দেখিয়েছে এলজি। ফোনটির পর্দাটি উপরের দিকে উঠানো যায়, এবং উঠানোর পর ট্যাবলেটের মতো পর্দা আকৃতি দেখা যায়। স্মার্টফোনটির নিচের অংশ পর্দাটিকে গুটিয়ে রাখে, আর ব্যবহারকারী চাইলে তা মেলে ধরে। পুরো ব্যাপারটিই অনেকটা এলজি’র রোলএবল টেলিভিশনের মতো কাজ করে, শুধু আকারে ছোট। বাজারে আসার পর এলজি’র ডিভাইসটিই হবে এ ধরনের প্রথম স্মার্টফোন।
লেনোভোর এআর চশমা
সিইএস’তে নতুন পাতলা এআর চশমা উন্মোচন করেছে লেনোভো। ইউএসবি টাইপ-সি কেবলের মাধ্যমে পিসি বা মোটোরলা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে এআর চশমাটি। আপাতত শুধু এন্টারপ্রাইজ গ্রাহকের জন্য ডিভাইসটি উন্মোচন করেছে লেনোভো। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের নির্দিষ্ট কিছু বাজারে থিংকরিয়ালিটি এ৩ স্মার্ট চশমাটি বিক্রির জন্য আনবে প্রতিষ্ঠানটি। থিংকরিয়ালিটি এ৩ পিসি সংস্করণটি ল্যাপটপ বা মোবাইল ওয়ার্কস্টেশনের সঙ্গে যুক্ত করা যাবে এবং ভার্চুয়ালি একাধিক মনিটর ব্যবহার করা যাবে। উইন্ডোজের সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে। রোদ চশমার মতোই চোখে পরা যাবে এআর চশমাটি।
ইনফিনিটি গেম টেবিল
পরিবারের সবাই মিলে অনলাইন গেম খেলার জন্য গেম টেবিল এনেছে ইনফিনিটি। পুরো টেবিলটি টাচস্ক্রিন। পরিবারের কেউ বাসায় না থাকলেও অনলাইন সবাই গেমে অংশগ্রহন করতে পারবে।
সনির ড্রোন
প্রথমবারের মতো নিজস্ব ড্রোন উন্মোচন করেছে সনি। এয়ারপিক নামের ড্রোনটির দ্রুতগতির গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবে। এটি সনির আলফা সিরিজের সব ক্যামেরা সাপোর্ট করবে। এখনও ড্রোনটির দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে কিছু জানায়নি সনি।
টিসিএল রোলেবল ডিসপ্লে
চীনের টিসিএল কোম্পানি রোলেবল ডিসপ্লে প্রদর্শন করেছে। একটি বাটন চাপলেই ডিসপ্লেটি পেপারের মতো গুটিয়ে রাখা যাবে। ১৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেটির পুরুত্ব ০.১৮ মিলিমিটার। এর একটি ছোট সংস্করণও দেখানো হয়। ৭.৮ ইঞ্চির ডিসপ্লেটি ফোন হিসেবে ব্যবহৃত হতে পারে।