জাপানে লালা থেকে করোনা পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন

২২ জুন, ২০২০ ১৪:৪৩  
সোয়াব পরীক্ষার চেয়ে নিরাপদে ও সহজে করোনাভাইরাস শনাক্তের নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে জাপানের একটি কোম্পানি। মাত্র ২৫ মিনিটেই ফলদায়ক এই পদ্ধতিটির নাম এসএটিআইসি। এই পদ্ধতিতে মুখের লালা বা থুথুর নমুনা উত্তপ্ত করে তাতে একটি রিএজেন্টে যোগ করার পর রং পরিবর্তন থেকে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা বোঝা যাবে। এরফলে যে কেউ তার নিজের নমুনা নিজেই নিতে পারবেন এবং কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই ফল দেখতে পারবেন। শিওনোগি অ্যান্ড কো লিমিটেড দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে মুখের লালা থেকে সহজেই করোনাভাইরাস শনাক্ত করার জন্য একটি ভিজুয়াল পরীক্ষা পদ্ধতি উন্নয়নে কাজ শুরু করেছে। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পরীক্ষার নির্ভুলতার মাত্রা পলিমারাইজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মতোই। শিওনোগি এই প্রযুক্তির লাইসেন্স পেয়েছে নিহন বিশ্ববিদ্যালয়, গুনমা বিশ্ববিদ্যালয় ও টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে।