চীনে তৈরি ড্রোন উড্ডয়নে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

২ নভেম্বর, ২০১৯ ১২:২৩  
চীনে তৈরি ড্রোন (চালকহীন বিমান) উড্ডয়ন বন্ধ করে দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক ‘উদ্বেগ’ এর কারণে ড্রোনের এ বিশাল বহরকে উড়তে দেয়া হয়নি। অভিযোগ রয়েছে, এই ড্রোনগুলো চীনের হয়ে গোয়েন্দাগিরি করছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ডেভিপ বেন হার্ড (David Bernhardt) এই নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের ওই ঘোষণায় বলা হয়েছে, তাদের চালকহীন বিমান বহরে চীনে তৈরি বা চীনা যন্ত্রাংশ রয়েছে এমন সব ড্রোনকে আকাশে উড়তে দেয়া হবে না। প্রযুক্তিখাতে যখন মার্কিন-চীন টানাপড়েন তুঙ্গে তখন চালকহীন বিমান সংক্রান্ত পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়ার কথাও ঘোষণা করা হয়। নির্দেশনায় বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে চালকহীন বিমানকে উড়তে না দেয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে না। অবশ্য উদ্ধার বা আগুন নেভানোর মতো জরুরি কাজে বর্তমানে ব্যবহৃত ড্রোন এ সিদ্ধান্তের আওতায় আসবে না। গত বছর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের আওতায় ওই সময়ে মোট ৫৩১টি ড্রোন ব্যবহৃত হতো। কিন্তু মার্কিন এ বিভাগের ড্রোন কর্মসূচির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বর্তমানে বিভাগটির কাছে ৮১০ চালকহীন বিমানের একটি বহর আছে। এর মধ্যে মাত্র ২৪টি যুক্তরাষ্ট্রে তৈরি। অবশ্য এ সব ড্রোনেও চীনা যন্ত্রাংশ রয়েছে।