আধুনিক প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান

আধুনিক প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান
২৩ মে, ২০২৬ ১৪:১৫  

প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বর্তমান শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

২৩ মে, শনি বার রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক এই সেমিনারে দেশের বস্ত্র খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ ডিজিটাল ও কারিগরি রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পকে বৈশ্বিক বাজারে টিকিয়ে রাখতে হলে এই খাতকে প্রতিযোগিতাসক্ষম ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে হবে। কারণ শিল্পখাত সংকটে পড়লে শিক্ষার্থীদের কর্মসংস্থানও টেকসই হবে না। সরকারের ভবিষ্যৎ নীতি স্পষ্ট করে তিনি জানান, নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা সরকারের নেই; ব্যবসা পরিচালনা করবে মূলত ব্যক্তিখাত এবং সরকার সেখানে প্রয়োজনীয় নীতিসহায়তা ও অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করবে। বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম সময়োপযোগী করার পাশাপাশি শিক্ষক সংকট দূর করতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি, যাতে শিক্ষার্থীরা বাস্তব ও কারিগরি শিল্প অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

বর্তমানে টেক্সটাইল খাতের বড় চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কস্ট অব ফান্ড এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটাতে সরকার কাজ করছে। পাশাপাশি ম্যানমেইড ফাইবার (কৃত্রিম তন্তু), নতুন পণ্য উন্নয়ন এবং ভ্যালু চেইনের আধুনিকায়নের মাধ্যমে খাতটিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্বাসউদ্দীন শায়ক। প্যানেল আলোচনায় বস্ত্র খাতের শীর্ষ ব্যবসায়ী, সরকারি দপ্তরের প্রধান এবং টেক্সটাইল খাতের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

/ডিবিটেক/ডিএমআই/এমইউএম/