“প্রযুক্তির সফলতার জন্য সততা অপরিহার্য”

১৯ জুন, ২০২৩ ১৬:৫২  

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও গবেষণায় মনোনিবেশের আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। একইসঙ্গে প্রযুক্তির সফলতার জন্য সততা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।

সোমাবার  ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ১ম দিনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ বিজ্ঞানীদের প্রতি এ আহ্বান জানান বিজ্ঞান জাদুঘর মহাপরিচালক।

জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী হয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতায় বিজ্ঞান জাদুঘরে ছয় শতাধিক প্রতিযোগীসহ সহস্রাধিক অতিথি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। নিজেদের উদ্ভাবন প্রদর্শন করছে তরুণ উদ্ভাবকেরা। এ উপলক্ষ্যে তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের আগমনে মুখরিত আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজ্ঞান জাদুঘর মহাপরিচালক বলেছেন, “ শুধু চিকিৎসক, গবেষক বা বিজ্ঞানী হওয়াই জীবনের সার্থকতা নয়। জীবন চর্চায় সততা ও নৈতিকতা না থাকলে ডিগ্রী বা জ্ঞান অর্জন বৃথা। সৎ প্রকৌশলী, সৎ চিকিৎসক, সৎ বিজ্ঞানী কিংবা সৎ প্রশাসক না হলে বিজ্ঞান চর্চার সুফল পাওয়া যাবে না। এতে সব অর্জন ভঙ্গুর হয়ে যাবে। প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মেধা ছড়িয়ে আছে, সে মেধাকে উদ্ভাবনী কাজে লাগিয়ে পরিবেশ দূষণ রোধ, খাদ্যে ভেজালের ঘটনা প্রতিরোধসহ জীবনমান উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে যথাযথ প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।’

তিনি আরো বলেন,“কাজে ফাঁকি দেয়া, ঘুষ নেয়া ও অবহেলার জন্য মানুষের বিকল্প হিসেবে এখন বিশ্বজুড়ে রোবটকে প্রাধান্য দেয়া হচ্ছে, যা’ আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের জন্য অত্যন্ত অমর্যাদাকর। মানুষের শ্রেষ্ঠত্ব তার মেধায়, সৃজনশীলতায় এবং নৈতিকতায়,  তার প্রমাণ মানবজাতিকে দিতে হবে। বিজ্ঞান মুখস্ত করার বিষয় নয়। পশু পাখীকে যেভাবে খাবার গেলানো হয়, বিজ্ঞানকে সেভাবে গেলানো যায় না, বিজ্ঞান চর্চার বিষয়। সমসাময়িক অনেক চ্যালেঞ্জ বা সমস্যা প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে সমাধান করা যায়। এ পৃথিবীতে মহান আল্লাহ্ প্রদত্ত অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আহরন ও ব্যবহারেও  আধুনিক প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বিজ্ঞান চেতনার সঙ্গে সততার চেতনার সমন্বয় ঘটিয়ে উন্নত ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব ”।

আগামী ২১ জুন সমাপনীতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং সচিব জিয়াউল হাসান।