‘মানব সভ্যতার জন্য হুমকী হতে পারে এআই’
অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়তে পারে বলে আশঙ্কা করছেন ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং আধুনিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ক।
চীনের সাংহাইতে বিশ্ব এআই কনফারেন্সে (২০১৯) টেসলার প্রধান মাস্ক ও জ্যাক মা বলেন, ‘এআই আসলে এ যাবত কালের সবচেয়ে জনপ্রিয় আনকোড়া শব্দ। প্রযুক্তিকে বোঝার দক্ষতা অর্জনের জন্য আমাদের অনেক সময় লাগবে। কারণ প্রযুক্তি অনেক গতিশীল, যেখানে আমরা পিছিয়ে আছি। কেননা এখন মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহার, সহিংসতা, উগ্রবাদ এবং ঘৃণা ছড়ানোর মতো সব অপরাধ এখন এই প্রযুক্তির মাধ্যমেই হচ্ছে।
অধিবেশনে মাস্ক বলেন, 'বর্তমান বাজারে বেকারত্ব একটি বড় সমস্যা। কিন্তু এআই প্রযুক্তি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এটা ভাবা যায় না। কাগজে কলমে লেখার জন্যও এখন এআই লেখনী আবিষ্কার হয়েছে। কিন্তু মানুষ এই প্রযুক্তিকে ভুল ভাবে ব্যবহার করতে পারে। যার ফলে মানব বিপর্যয় ঘটতে পারে।’
তিনি বলেন, এক সময় দেখা যাবে মানুষের আর দরকার হচ্ছে না। সবকিছু এআই প্রযুক্তিই করছে। তাই আমাদেরকে প্রযুক্তির সঙ্গে মানুষের একটি মেল বন্ধন তৈরি করতে হবে।
অন্যদিকে জ্যাক মা বলেন, ‘এআই প্রযুক্তির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে মানুষ শারীরিক পরিশ্রম থেকে সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে পারবে। সপ্তাহে অন্তত তিন দিন এবং দৈনিক চার ঘণ্টা কাজ করতে হবে। এআই প্রযুক্তির যুগে মানুষ ১২০ বছর পর্যন্ত বাঁচবে। তখন অনেক কাজই থাকবে মানুষ করতে চাইবে না। তাই এআই সমৃদ্ধ রোবট, ডিভাইস তখন প্রয়োজন হবে।’