২০২৩ সালের মধ্যে থ্রি-জি থেকে সরে যাবে রবি

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১২  
আগামী ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা (থ্রি-জি) থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মোবাইল অপারেটর রবি। অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রক্রিয়াটি শুরু হবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর থেকে। রবি আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। তারা বলছে, বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে থ্রি-জি সেবা থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করেছে তারা। এখন থেকে অপারেটরটি ফোর-জিতে বেশি জোর দেবে। তারা মনে করে, ফোর-জি সেবা আগামী কয়েক দশক ধরে আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি-জি প্রযুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রবির নিয়মিত ভয়েস সেবাগুলো প্রভাবিত হবে না। যে অঞ্চলগুলোতে এই প্রক্রিয়াটি শুরু হবে সে অঞ্চলের যেসব গ্রাহকের মোবাইল ডেটা এখনো থ্রি-জি নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে তাঁদের ফোর-জিতে উন্নীত হওয়ার জন্য বলা হবে। পাশাপাশি বিভিন্ন অফার দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবি ইতিমধ্যে ১৪ হাজারের বেশি ফোর-জি সাইট চালুর মাধ্যমে জনসংখ্যার ৯৮ শতাংশকে নেটওয়ার্কের আওতায় এনেছে। প্রায় দুই কোটি ফোরজি গ্রাহক নিয়ে টেলিকম শিল্পে সবচেয়ে বেশি হারে (৭২ দশমিক ৪ শতাংশ) ডাটা ব্যবহারকারী রয়েছে রবির। ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার রবি’র ভিশন নির্ভর করছে ফোরজি’র উপর। এই ঘোষণার মাধ্যমে ডিজিটাল কোম্পানি হিসেবে রবি’র ভবিষ্যতের দিকনির্দেশনা আরো স্পষ্ট হবে।