স্মার্ট বাংলাদেশ গড়তে ৩ শত্রুর সঙ্গে মোকাবিলা করার সঙ্গে ৫টি প্রতিজ্ঞা করলেন পলক
স্মার্ট বাংলা গড়ার জন্য মাদক, দুর্নীতি, সুদ ও ঘুষ এই তিন শত্রুতে নির্মূল করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার গোল-ই- আফরোজ কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। একইসঙ্গে জাল যার জলা তার; দলিল যার জমি তার; মেধা-দক্ষতা-যোগ্যতা যার চাকুরী তার; জনবান্ধব জনপ্রতিনিধি ও কর্মীবান্ধব নেতা হবার প্রতিজ্ঞা করেন প্রতিমন্ত্রী।
সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ নাগরিক সংবর্ধনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনাদের ভোট ও ভালোবাসায় নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে আমি আর কোনো দল, গোষ্ঠী, ব্যক্তি, বলয় বা প্রতীকের নয়, সিংড়ার সকল মানুষের প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেছি।
পলক বলেন, সিংড়ার জলাশয় খালবিল কেউ দখল করতে পারবে না। যার জাল আছে সেইসব জেলেকে কেউ মাছ শিকারে বাধা দিতে পারবে না। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সুতি জাল থাকবে না। দলিল যার জমি তার। সিংড়া থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আগামী যেকোনো নির্বাচনে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করার চেষ্টা থাকবে আমার। সৎ জনদরদী, কর্মীবান্ধব নেতাদের দলীয় পদে নিয়ে এসে দলকে নতুন করে ঢেলে সাজানো হবে।







