বন্ধ হচ্ছে জনপ্রিয় গেম ‘মাইনক্রাফট আর্থ’

৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫৯  
করোনা মহামারির কারণে মাইক্রোসফট তাদের জনপ্রিয় মোবাইল গেম ‘মাইনক্রাফট আর্থ’ বন্ধ করে দিতে যাচ্ছে বলে এক ঘোষণায় জানিয়েছে। অগমেন্টেড রিয়েলিটি বা এআর প্রযুক্তির এই গেমটি বিশ্ব কাঁপানো ‘পোকেমন গো’ গেমের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে আসা হয়েছিল। ২০১৯ সালের নভেম্বরে গেমটি সকলের জন্য উন্মুক্ত করা হয়। তবে যাত্রা শুরুর মাত্র ১ বছর পেরোতেই গেমটি বন্ধের ঘোষণা এলো। করোনা পরিস্থিতি এ দুটি বিষয়কে কঠিন করে তুলেছে, যার ফলস্বরূপ গেমটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইনক্রাফট টিম। গেমটির সর্বশেষ আপডেট ৫ জানুয়ারি ২০২১ তারিখে উন্মুক্ত করা হয়েছে। এতে গেমটিকে আরও সহজ এবং ব্যয় সাশ্রয়ী করা হয়েছে। তবে এ সুবিধা উপভোগ করা যাবে জুন পর্যন্ত। ৩০ জুন ২০২১ তারিখের পর থেকে থেকে গেমটি ডাউনলোড করা যাবে না কিংবা মোবাইলে থাকলেও খেলা যাবে না। জুলাইয়ের ১ তারিখে প্লেয়ারদের ডেটা মুছে ফেলার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইনক্রাফট টিম তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা মাইনক্রাফট কমিউনিটির দুর্দান্ত প্রতিভার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবো। এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি গেমটি বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি যেন সেরা অভিজ্ঞতা লাভ করতে পারেন।’