পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-কে ‘স্মার্ট মন্ত্রণালয়’ হতে কারিগরি সহযোগিতা দেবে এটুআই

২৯ জানুয়ারি, ২০২৪ ১৮:০৭  

‘স্মার্ট মন্ত্রণালয়’ হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ" এবং নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের ওপর আলোকপাত করেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ মামুনুর রশীদ ভূঞা, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, এটুআই-এর চীফ ই-গভর্নেন্স ড. ফরহাদ জাহিদ শেখ উপস্থিত ছিলেন।

আলোচনায় পরিবেশ বিষয়ক কমপ্লেন/গ্রিভেন্স রিড্রেস সিস্টেম পোর্টাল, শাখা কর্মকর্তাদের কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে অনলাইন টাইম সেনসিটিভ উইকলি/মান্থলি ওয়ার্কপ্ল্যান মনিটরিং সিস্টেম, মন্ত্রণালয় পর্যায়ে প্রকল্প মনিটরিংয়ের জন্য ‘অনলাইন মনিটরিং অব প্রজেক্টস আউটপুট/ড্যাসবোর্ড ফর প্রজেক্টস মনিটরিং, ই-লাইব্রেরি ও ই-এইচআরএমএস স্থাপনে আইসিটি বিভাগের অধীন অ্যাকসেস টু ইনোভেট এর কাছে কারিগরি ও প্রযুক্তি উদ্ভাবনী সহযোগিতা চেয়েছে পারিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এছাড়াও পুরাতন হার্ড ফাইলগুলো সংরক্ষণে ‘আর্কাইভিং সিস্টেম, ক্যাপাসিটি বিল্ডিং এবং বনের জমির মামলা বিষয়ক ডাটাবেস প্রণয়নে কাজ করবে এটুআই।

বৈঠক সূত্রে জানাগেছে, শিল্প প্রতিষ্ঠানে এআইভিত্তিক আইপি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ইটিপি মনিটরিং, ছাড়পত্র প্রদান এবং নবায়নে মনিটরিং ট্র্যাকার স্থাপন, পরিবেশ অধিদপ্তরের লাইব্রেরি অটোমেশন এবং মোবাইল কোর্ট পরিচালনার তথ্য রিয়েল টাইম ইনপুটের জন্য ওয়েব বেইজড সফটওয়ার তৈরিতে পরিবেশ অধিদপ্তরে এটুআই সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে। বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে চালু করা হবে ডি-নথি। আরও সমৃদ্ধ করা হবে বাংলাদেশ ফরেস্ট ইনফরমেশন সিস্টেম’র মডিউলগুলো।

সূত্রমতে, ডিজিটাল ফরেন্স ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, নার্সারিতে চারা বিক্রয়, বিতরণ ও মজুতের সহজীকরণ অ্যাপস আপডেটে সহায়তা, অধিদপ্তরের অধীনে দর্শনীয় স্থানগুলোতে প্রবেশ ও অবস্থানের জন্য অ্যাপস/ওয়েবভিত্তিক ব্যবস্থা চালু, বন বাগান পরিবীক্ষণ পদ্ধতি ‘সাইট স্পেসিফিক প্ল্যান’ আরও আধুনিক ও সমৃদ্ধ করতে এবং আইসিটি বিষয়ে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি গুরুত্ব পেয়েছে আলোচনায়। গুরুত্ব পেয়েছে মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাবার বোর্ডের ডাটাবেজ, স্টাফ মনিটরিং সিস্টেম ও রাবার বাগানগুলোর জিও ডাটাবেজ প্রণয়নে সহযোগিতা দেবে এটুআই।