জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

১২ জানুয়ারি, ২০২৪ ০১:৩২  

সাইবার সিকিউরিটি বিষয়ে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে ‘সাইবার নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে কর্মশালা করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালায় অংশ নেন সরকারি-বেসরকারি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৬৫ জন গণমাধ্যমকর্মী।

কর্মশালায় প্রধান আলোচক ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দীন সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি, ম্যালওয়ার কিভাবে ছড়ায়, এ থেকে বাঁচার উপায়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাকিংয়ের প্রক্রিয়া এবং করণীয় বিষয়ে নির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেন বলেন, সাইবার সিকিউরিটি বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। অবাধ তথ্য প্রবাহের যুগে সব নাগরিক সাইবার ঝুঁকিতে রয়েছে। কেউ যদি সাইবার হামলার শিকার হন তাহলে তিনি কার কাছে কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করবেন সে সম্পর্কে জানতে হবে তাদের। এ বিষয়ে সবচেয়ে ভালো কাজ করতে পারবেন সাংবাদিকরা।

বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত মহাপরিচালক সূফী জাকির হোসেন বলেন, দেশের সংবাদকর্মীদের মধ্যে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানতে হবে ও অধিকতর কাজ করতে হবে।  

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কর্মশালায় আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ।  

কর্মশালার পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপপরিচালক আব্দুল মান্নান এবং সমন্বয়ক হিসেবে সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম দায়িত্ব পালন করেন।