গুলশান ও উত্তরার ল্যান্ডফোন বিকল, মেরামত চলছে

১৩ মে, ২০২৪ ১৪:২৭  

রোববার সকাল হতে রাজধানীর গুলশান ও উত্তরা বিটিসিএল এক্সচেঞ্জের আওতায় বেশ কিছু টেলিফোন বিকল হয়ে পড়েছে। সোমবার নাগাদ কিছু টেলিফোন চালু করা সম্ভব হলেও উত্তরা, নিকুঞ্জ, গুলশান ১ ও ২, বনানী, বাড্ডা, তেজগাঁও এবং মহাখালী এলাকার সংযোগ পুরোপুরি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের মুখপাত্র মীর মোহম্মদ মোরশেদ জানিয়েছেন, মহাখালী এলাকায় বিটিসিএল এর ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় ১২ মে থেকে ল্যান্ডফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ ফিরিয়ে আনতে মাঠপর্যায়ের প্রকৌশলীরা কাজ করছেন। অনতিবিলম্বেই টেলিফোন সার্ভিস স্বাভাবিক করা সম্ভব হবে।

এদিকে অনাকাঙ্ক্ষিত সেবা ব্যহত হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।