করোনা নিয়ে ভাইবারে বহুভাষিক চ্যাটবট

১ এপ্রিল, ২০২০ ১৫:৫৬  
কোভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ঠেকাতে বহুভাষিক চ্যাটবটের মাধ্যমে যৌথভাবে কাজ করছে রাকুতেন ভাইবার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী খুব শিগগিরই বিভিন্ন ভাষায় এটি পাওয়া যাবে। স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য অনুসন্ধানকারীদের সহায়তার জন্য চ্যাটবটটি ইতিমধ্যে ইংরেজি, আরবি ও রুশ ভাষায় পাওয়া যাচ্ছে। শিগগিরই এটি বাংলাসহ আরও ২০টি ভাষায় অনুবাদ করা হবে। এই বৈশ্বিক মহামারী নিয়ে সদ্য পাওয়া সংবাদ এবং এ নিয়ে জানতে চাওয়া সাধারণ প্রশ্নগুলোর ওপর চ্যাটবটটিতে গুরুত্বারোপ করা হয়েছে। চ্যাটবটটির 'লেটেস্ট নিউজ' বিভাগের মাধ্যমে ডব্লিউএইচও এর ওয়েবসাইট থেকে ভাইরাস সংক্রান্ত হালনাগাদ তথ্য সবার কাছে পৌঁছে যাবে। চ্যাটবটটির অন্যান্য বিভাগগুলো হলো: প্রটেক্ট ইউরসেল্ফ, মাস্ক ইউজেস, ট্রাভেল রেকমেন্ডেশনস ও মিথ। ব্যবহারকারী ভাইরাস সম্পর্কে ব্যবহারকারীর কতটুকু জানে তা যাচাই করার জন্য চ্যাটবটটির মিথ বিভাগে রয়েছে অংশগ্রহণমূলক কুইজ। এই ভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডের মাধ্যমে ডব্লিউএইচওকে অর্থসাহায্য দিতে ব্যবহারকারীদের জন্য ‘ডোনেট নাউ’ বাটন রাখা হয়েছে।