এ মাসেই হচ্ছে ডিজিটাল কমার্স ভিলেজ
প্রান্তিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বৈশ্বিক সংশ্লিষ্টতাকে আরো দৃঢ় করতে তৈরি করা হবে ‘ডিজিটাল কমার্স ভিলেজ’। ঢাকার বাইরের একটি গ্রামকে মডেল হিসেবে তৈরি করতে এই কাজ করবে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল সম্মেলন কক্ষে এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালায়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) সমন্বয়ক মোঃ আবদুর রহিম খান এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি করেন।
এসময় বিপিসি’র যুগ্ম সমন্বয়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আমিনুল ইসলাম ও আবুল কালাম পাটোয়ারী এবং ই-ক্যাবের রুরাল ই-কমার্স চেয়ারম্যান ইব্রাহিম খলিল ও জেনারেল ম্যানেজার (প্রজেক্ট) মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ডিজিটাল কমার্স ভিলেজ প্রকল্পের অধীনে একটি মডেল ভিলেজ তৈরি করা হবে, যেখানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে এবং উদ্যোক্তাদেরকে ডিজিটাল কমার্সের সাথে সম্পৃক্ত করা হবে।
প্রকল্প বিষয়ে আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ইন্টারনেট, লজিস্টিক, ডিজিটাল পেমেন্ট, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান, ক্রসবর্ডার ইকোসিস্টেম তৈরিসহ বিভিন্ন বিষয়ে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সমন্বয়ে তৈরি করা হবে এই মডেল ভিলেজ। ই-কমার্স পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর সকলকে। এমাসেই ডিজিটাল কমার্স ভিলেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।