ইন্টারনেটসহ তথ্য-প্রযুক্তি খাতে ভুটানের পাশে থাকবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী

২৪ মার্চ, ২০২১ ১৬:৪৩  
ব্রডব্যান্ড ইন্টারনেটসহ তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ ভুটানের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে বৈঠককালে একথা জানান প্রধানমন্ত্রী। বৈঠকশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “ব্রডব্যান্ড ইন্টারনেটসহ তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ ভুটানকে সহযোগিতা করবে বলে প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ভুটান একসঙ্গে কাজ করবেও তিনি আশা প্রকাশ করেছেন।“ প্রেস সচিব বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রী বাণিজ্য, কানেকটিভিটিসহ দুই দেশের মধ্যেকার বিভিন্ন সেক্টরে সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য স্পিডটেস্টের তথ্য অনুযায়ী ব্রডব্যান্ডে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভুটান। একই সঙ্গে সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ওয়েবিনারে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি।