শেষ হল শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০
নানা আয়োজনের পর ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো অনলাইনে প্রথমবারের মতো আয়োজিত সপ্তম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। রোববার বিকেলে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীর উপস্থিতে এসময় অনলাইন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উপাচার্য ড. পারভীন হাসান।
তিন দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান কংগ্রেসে সবধাপ পার হয়ে মোট ২৫৩ জন অংশ নিতে পেরেছে। এর থেকে মোট ৫২ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পূর্বে ঘোষণা করা পঞ্চাশ হাজার টাকা পুরষ্কারকে বাড়িয়ে সর্বমোট সত্তর হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া কংগ্রেসের সেরাদের কে পেপার অব দ্য কংগ্রেস, পোস্টার অব দ্য কংগ্রেস এবং প্রোজেক্ট অব দ্য কংগ্রেস ঘোষণা করা হয়।
এবারের কংগ্রেসে ১৩০০ বেশি শিক্ষার্থী অংশহগ্রহণের আবেদন করে। সেখান থেকে বাছাই করা পাঁচশ শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তারপর অনলাইনে গবেষণা সাবমিশন, মক টেস্ট ও অনলাইনে সংযুক্ত হয়ে গবেষণা উপস্থাপন করার জন্য মোট ২৫৩ জন অংশগ্রহণের সুযোগ পায়।
গত ১৭ ও ১৮ জুলাই শিক্ষার্থীরা অনলাইন কংগ্রেসে তাদের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করে। এখানে দেশ-বিদেশ থেকে সংযুক্ত ৩১ জন গবেষক পালাক্রমে উপস্থিত হয়ে গবেষণাগুলো মূল্যায়ন করেছে। এবছর অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
এদিকে আজ সকালে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় "যৌথ কংগ্রেস"। এরপর শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে একটি লাইভ ভার্চুয়াল ভিজিটের ব্যবস্থা করা হয়। দুপুরে ৩টা থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাক্যাডেমিক টিমের সহযোগিতায় ফেসবুক লাইভ এর মাধ্যমে ভার্চুয়াল ভিজিট বাস্তবায়ন করা হয়। এই ফেইসবুক লাইভ ভ্রমণে দর্শকদের জন্য জাদুঘরে থাকা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষণ করে দেখানো হয়। আয়োজনটি বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। পরীক্ষণ করে দেখায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করন সমিতির স্বেচ্ছাসেবকরা ও বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা।
এরপর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জাহিদ হাসান কংগ্রেসে ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বিজ্ঞান গবেষণার সার্বিক অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এটিও লাইভ সম্প্রচার করা হয় বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজ থেকে।
গত ফেব্রুয়ারী ও মার্চ মাসজুড়ে কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে সারাদেশে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক কর্মশালা ও কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প। প্রস্তুতিমূলক কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেয়ার নিয়মাবলী শেখানো হয়েছে। সেই সাথে তিন দিনের কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়েছে।