মেটার সঙ্গে ২০ বিলিয়ন ডলারের এআই চুক্তিতে ওরাকল
আমেরিকান সফটওয়্যার জায়ান্ট ওরাকল মেটার সঙ্গে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তির আলোচনা করছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র জানায়, এ চুক্তি বহুবছর মেয়াদি হতে পারে এবং মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণ ও ব্যবহার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। খবর রয়টার্স।
মেটা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ওরাকল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওপেনএআই প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা কেনার জন্য ওরাকলের সঙ্গে প্রায় পাঁচ বছরের একটি চুক্তি করেছে, যা ইতিহাসের অন্যতম বড় ক্লাউড চুক্তি।
উল্লেখ্য, ওরাকল ইতিমধ্যেই অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। এসব চুক্তির মাধ্যমে তাদের ক্লাউড গ্রাহকের আয় প্রথম প্রান্তিকে ১৬ গুণের বেশি বেড়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি চারটি বহুবিলিয়ন ডলারের নতুন চুক্তি ঘোষণা করেছে এবং আশা করছে আসন্ন মাসগুলোতে আরও বড় গ্রাহক যুক্ত হবে।
ডিবিটেক/বিএমটি







