আইফোন ১৭ এর উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

আইফোন ১৭ এর উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল
২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২১  

অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ মডেলের উৎপাদন বাড়াতে সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক সাময়িকী দ্য ইনফরমেশন জানিয়েছে, প্রি-অর্ডারে চাহিদা প্রত্যাশার তুলনায় বেশি হওয়ায় অ্যাপল কমপক্ষে ৩০ শতাংশ উৎপাদন বৃদ্ধির অনুরোধ করেছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে বিপুলসংখ্যক ক্রেতা সাশ্রয়ী ৭৯৯ ডলার মূল্যের আইফোন ১৭ কিনতে আগ্রহী হয়েছেন। এতে প্রিমিয়াম প্রো সংস্করণের তুলনায় এ মডেলের চাহিদা বেড়েছে। প্রো সংস্করণের দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে।

অ্যাপল চীনের মূল সরবরাহকারী লাক্সশেয়ার প্রিসিশন ও ফক্সকনের মধ্যে লাক্সশেয়ারকে দৈনিক উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়াতে বলেছে।

নতুন সিরিজের ফোনগুলোর মধ্যে রয়েছে আরও পাতলা ‘আইফোন এয়ার’। অ্যাপল আশা করছে, নতুন নকশা ও উন্নত ফিচার দিয়ে তারা বিক্রি পুনরুজ্জীবিত করতে পারবে। এন্ট্রি-লেভেল আইফোন ১৭ মডেলে এখন প্রো সংস্করণের কিছু বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় দামের ব্যবধান কমেছে।

বিশ্লেষকেরা বলছেন, সাশ্রয়ী মডেলের বিক্রি বাজার শেয়ার বাড়াতে সাহায্য করলেও এটি অ্যাপলের মুনাফার হার কমিয়ে দিতে পারে।

ডিবিটেক/বিএমটি