টিকটকের ভিডিও সীমা ১০ মিনিট হতে যাচ্ছে

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:৫১  
বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ তৈরিতে ভিডিও দৈর্ঘ্য ১০ মিনিট পর্যন্ত বর্ধিত করতে যাচ্ছে টিকটক। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর টেক টাইমস। এর আগে গত বছর বাইটড্যান্সের মালিকানাধীন কোম্পানিটি তাদের প্ল্যাটফর্মে ভিডিওর দৈর্ঘ্য এক মিনিট থেকে বাড়িয়ে তিন মিনিট পর্যন্ত বৃদ্ধি করে। এবার সেটি ১০ মিনিট পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে টিকটক। জানা গেছে, গত আগস্ট থেকেই ৫ মিনিটের ভিডিওর পরীক্ষা চালাচ্ছে টিকটক। এবার অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালানো হবে। ইতিমধ্যে কিছু ব্যবহারকারী ১০ মিনিটের ভিডিওর পরীক্ষার সুযোগ পেয়েছেন। সম্প্রতি এ বিষয়ে ব্যবহারকারীদের ওপর এক জরিপ পরিচালনা করেছে। যদিও জরিপে অংশ নেয়া ব্যবহারকারীরা এক মিনিটের বেশি ভিডিওর প্রতি আগ্রহী নয়। তবে টিকটক মনে করে দীর্ঘ ভিডিওতে সব পক্ষই লাভবান হবে। ডিবিটেক/বিএমটি