ওরিয়ন মহাকাশযান এখন চাঁদের পথে

ওরিয়ন মহাকাশযান এখন চাঁদের পথে
২ এপ্রিল, ২০২৬ ১২:০৬  

আর্টেমিস-২ মিশনের চার নভোচারীর চাঁদ অভিযান শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে ওরিয়ন মহাকাশযানে চড়ে তারা যাত্রা করেন। যাত্রার কয়েক ঘণ্টা পর ওরিয়ন সফলভাবে রকেটের উপরের স্তর থেকে আলাদা হয়েছে। খবর এনগ্যাজেট।

অভিযানের শুরু থেকেই একটি চ্যালেঞ্জের মুখে পড়েছেন নভোচারীরা। ওরিয়ন মহাকাশযানে থাকা পয়ঃব্যবস্থায় (টয়লেট) সমস্যা দেখা দিয়েছে। এটি গভীর মহাকাশ অভিযানের জন্য তৈরি প্রথম প্রকৃত টয়লেট। নভোচারীরা বর্তমানে অ্যাপোলো মহাকাশচারীদের ব্যবহার করা বর্জ্য সংগ্রহের ব্যাগের ওপর নির্ভর করছেন, যা আগে চাঁদের পৃষ্ঠে ফেলে দেওয়া হতো।

মহাকাশযানটি পৃথক হওয়ার পর নভোচারী ভিক্টর গ্লোভার এক ঘণ্টার বেশি সময় ধরে ম্যানুয়ালি ওরিয়ন চালনা করেন। তিনি ওরিয়নের গতিবিধি ও ডকিং প্রক্রিয়া পরীক্ষা করেন, যা ভবিষ্যতে স্পেসএক্স ও ব্লু অরিজিনের নির্মীয়মান লুনার ল্যান্ডারের সঙ্গে সংযোগ স্থাপনে প্রয়োজন হবে।

১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাক ঘুরে আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন। 

‘আর্টেমিস-২’ অভিযানের সাফল্যের ওপর নির্ভর করছে ‘আর্টেমিস-৩’ মিশন, যেখানে নভোচারীরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন। নভোচারী ক্রিস্টিনা কখ সে অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা হবে নভোচারী পদার্পণের ৫৫ বছর পর নারীর চাঁদে পা রাখার প্রথম ঘটনা।

ডিবিটেক/বিএমটি