সর্বকালের সর্ববৃহৎ আইপিওর পথে স্পেসএক্স
ইলন মাস্কের মহাকাশ ও স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্পেসএক্স আইপিওতে আত্মপ্রকাশের পথে আরও একধাপ এগিয়েছে। ব্লুমবার্গ ও সিএনবিসি'র প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি গোপনে (কনফিডেনশিয়ালি) মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নথি জমা দিয়েছে। খবর এনগ্যাজেট।
সূত্রের বরাতে জানা গেছে, স্পেসএক্স আগামী জুন নাগাদ তালিকাভুক্তির লক্ষ্য নির্ধারণ করেছে। তারা প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার বাজার মূল্যায়ন চাইছে, যা একীভূতকরণের পর বর্তমান ১.২৫ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।
কোম্পানিটি ৭৫ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করতে চায়, যা ২০১৯ সালে সৌদি আরামকোর ২৯ বিলিয়ন ডলারের আইপিও রেকর্ড ছাড়িয়ে ইতিহাসের বৃহত্তম পাবলিক অফার হবে।
এই আইপিও স্পেসএক্সের উচ্চাভিলাষী পরিকল্পনায় অর্থায়ন করবে। এর মধ্যে রয়েছে স্টারশিপ রকেট প্রকল্পের গতি বাড়ানো, কক্ষপথে এআই ডেটা সেন্টার স্থাপন এবং চাঁদে একটি ঘাঁটি তৈরি করা।
স্টারলিংককে কেন্দ্র করে মূল্যায়ন তৈরি হয়েছে। এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসাটি ২০২৫ সালে প্রায় ১০ মিলিয়ন গ্রাহক অতিক্রম করেছে এবং ২০২৬ সালে প্রায় ২০ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, প্রায় ২১টি ব্যাংকের বিশাল একটি কনসোর্টিয়াম এই আইপিও পরিচালনা করছে।
ডিবিটেক/বিএমটি







