আইপিওতে যাচ্ছে অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ২০২৬ সালেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি সম্ভাব্য আইপিওর প্রস্তুতির জন্য আইন সংস্থা উইলসন সন্সিনি-কে নিয়োগ দিয়েছে। অ্যানথ্রপিক বর্তমানে গুগল ও অ্যামাজন–সমর্থিত একটি শীর্ষস্থানীয় এআই কোম্পানি, যারা ‘ক্লুড’ চ্যাটবট পরিচালনা করে। খবর রয়টার্স।
তবে অ্যানথ্রপিক জানিয়েছে, তারা এখনো আইপিওতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে এবং অনানুষ্ঠানিক। প্রতিষ্ঠানটি বড় বিনিয়োগ ব্যাংকগুলোর সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে। একইসঙ্গে তারা একটি ব্যক্তিগত বিনিয়োগ রাউন্ড নিয়ে আলোচনায় রয়েছে, যা সম্পন্ন হলে তাদের মূল্যায়ন ৩০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
ডারিও আমোডেই-নেতৃত্বাধীন অ্যানথ্রপিক আগামী বছরে বার্ষিক রাজস্ব প্রায় তিন গুণ বাড়িয়ে ২৬ বিলিয়ন ডলার পর্যন্ত নিতে চায়। তাদের ব্যবসায়িক ব্যবহারকারী সংখ্যা তিন লাখেরও বেশি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সম্ভাব্য আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যার মূল্যায়ন ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি মাইক্রোসফট এবং এনভিডিয়া অ্যানথ্রপিকে সর্বোচ্চ ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।
ডিবিটেক/বিএমটি



