কড়া শর্তে এইচ-১বি ভিসার ফি বাড়ালো ট্রাম্প প্রশাসন
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এইচ-১বি ভিসার জন্য কোম্পানিগুলোকে প্রতি বছর এক লাখ ডলার করে ফি দিতে হবে। শুক্রবার দেওয়া এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি পেশাজীবীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রযুক্তি খাত, বিশেষ করে ভারত ও চীনের দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো বলছে, এ পদক্ষেপে তারা বড় ধাক্কা খাবে। খবর রয়টার্স।
মাইক্রোসফট, জেপি মরগান ও অ্যামাজনের মতো বহুজাতিক প্রতিষ্ঠান কর্মীদের পরামর্শ দিয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের ভেতরেই থাকেন এবং আপাতত বিদেশ ভ্রমণ এড়িয়ে চলেন। শনিবার মধ্যরাত থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
সমালোচকেরা বলছেন, এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মী আনা হলে দেশীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়। তবে সমর্থকেরা মনে করেন, এটি যুক্তরাষ্ট্রকে বিশ্বসেরা প্রতিভা আকর্ষণে সহায়তা করে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও এ কর্মসূচিকে সমর্থন করেছেন।
বিশ্লেষকেরা সতর্ক করেছেন, অতিরিক্ত ফি আরোপ যুক্তরাষ্ট্রে বৈশ্বিক প্রতিভা আগমনে নিরুৎসাহ তৈরি করবে, যা নতুন উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডিবিটেক/বিএমটি







