থার্টিফার্স্ট নাইটে ৯৯৯-এ ১১৮৫ কল

থার্টিফার্স্ট নাইটে ৯৯৯-এ ১১৮৫ কল
১ জানুয়ারি, ২০২৫ ১৪:৪৮  
৮ জানুয়ারি, ২০২৫ ১৭:০০  

থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণ সংক্রান্ত ১ হাজার ১৮৫টি কল আসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। ইংরেজি বর্ষবরণের সময় উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে এই কলগুলো পেয়েছেন বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত কলসেন্টারটি । এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল করা হয়।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য দিয়েছেন।

এর আগে ২০২১ সালের থার্টিফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে আগুন লাগে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু তা উপেক্ষা করে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় রাজধানীতে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)। এছাড়াও ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিংমলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি-নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নাগরিকদের জরুরি সেবা দিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯। ঝামেলা এড়িয়ে সহজে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবা পেতে ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়। সেবাটি তৈরি করে আইসিটি বিভাগ। পরে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।