ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞের বাসভবন ‘জোহা ভবন’-এ দুবৃত্তের আগুন

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞের বাসভবন  ‘জোহা ভবন’-এ দুবৃত্তের আগুন
২০ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৩  

মাগুরা জেলা জজ আদালতের সামনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এর বাসভবন ‘জোহা ভবনে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা এই আগুন লাগায় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

জুলাই অভ্যুত্থানে গণহত্যায় আওয়ামীলী সভাপতি, সরাষ্ট্রমন্ত্রী সহ দলটির বিভিন্ন নেতা ও সরকার সংশ্লিষ্টদের সংশ্লিষ্টতার ডিজিটাল নথি ও প্রমাণ দেয়ার পর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট প্রকাশের ঘোষণা দেয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

তানভীর জোহা বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলমের ভাতিজা। তার বাসায় দুবৃত্তের আগুন দেয়ার বিষয়ে তানভীর জোহা বলেছেন, আমি থামব না। আমি মুখ ফিরিয়ে নেব না। হাদিকে যে বা যারা খুন করেছে, তাদের মুখোশ খোলা হবে। নাম ধরে ধরে। ধীরে ধীরে, এক এক করে। এটা রাগ নয়। এটা সংকল্প। এটা সুবিচার, যা সময় নিচ্ছে। কোনো প্রভাব, কোনো উর্দি, কোনো অজুহাত একজন খুনিকে রক্ষা করতে পারবে না। সত্যের স্বভাব হল প্রকাশিত হওয়া। প্রমাণ ভোলে না। আমি শেষ পর্যন্ত এটা দেখে যাব, ইনশাআল্লাহ।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে ভবনের জানালার অংশে আগুন দেওয়া হয়। আগুন লাগার পর আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে দ্রুত ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থেকে ভবনটি রক্ষা পায়। তবে ঘটনার পরপরই পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বজলু জানান, প্রথমে এটিকে সাধারণ আগুন মনে হলেও পরে পানির বোতলে তেল দেখে পরিকল্পিত অগ্নিসংযোগ বলে তার সন্দেহ হয়। ভবনের বিপরীত পাশে থাকা তরুণ ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস বলেন, ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন তিনি, খবর পেয়ে ফিরে এসে দেখেন জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।

ভবনের তত্ত্বাবধানে থাকা তরুণ কুমার জানান, ঘটনার বিষয়ে জিডিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে এবং নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিবিটেক/জেটিএফ/আইএইচ